admin
প্রকাশ: ২০১৯-১০-২৪ ০০:১৭:৩৯ || আপডেট: ২০১৯-১০-২৪ ০০:১৭:৪৬
চকরিয়া অফিস :
কক্সবাজারের পেকুয়ায় ৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড গুলিসহ আন্ত:জেলা ডাকাত দলের দুই সদসস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৭ এর চট্টগ্রাম পতেঙ্গা ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ৯টার দিকে রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকার সাবের আহমদের ব্রীজ সংলগ্ন চিংড়ি প্রকল্পের টংঘরে অভিযান চালিয়ে এসব ডাকাতদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. আনছার প্রকাশ আনছার ডাকাত (৪০) রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার আহমদ ছফার ছেলে এবং আবুল কাশেম প্রকাশ কাছিম (৩৮) একই এলাকার মৃত বজল আহমদের ছেলে।
এ ঘটনায় র্যাবের পতেঙ্গা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ভৌমিক বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
র্যাব ৭ সূত্র জানায়, এক ডজনের অধিক মামলার আসামী আনছার ডাকাত তার দলবলসহ সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করার উদ্দেশ্যে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের হাজী সাবের আহমদের ব্রীজের পার্শ্বে তার মাছের প্রজেক্টের ভিতর অবৈধ অস্ত্রসহ অবস্থান করার গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে র্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আনছার প্রকাশ আনছার ডাকাত ও আবুল কাশেম প্রকাশ কাছিমকে আটক করে। পরে আটককৃতদের দেহ তল্লাসী ও জিজ্ঞাসাবাদের পর তাদের তথ্যের ভিত্তিতে চিংড়ি প্রকল্পের টংঘরে তল্লাশী চালিয়ে ৪টি ওয়ান শুটার গান, ৩টি এসবিবিএল এবং ৩৮রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আনছার ডাকাতের বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় ১৭টি ও আবুল কাশেম প্রকাশ কাছিমের বিরুদ্ধে ৬টির অধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পরস্পরের যোগসাজশে সু-কৌশলে বিভিন্ন এলাকা হতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে বিভিন্ন গ্রুপের নিকট বিক্রি করে আসছিল। এছাড়া কক্সবাজারের বিভিন্ন এলাকায় লবণের মাঠ দখল, চিংড়ির ঘের দখল ও মাছ ধরার নৌকা থেকে চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এসব ডাকাত দলের সদস্যরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার আনছার ও আবুল কাশেম প্রকাশ কাছিমকে বুধবার (২৩ অক্টোবর) বিকালে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়।