admin
প্রকাশ: ২০১৯-১০-৩১ ২৩:৫৯:১৯ || আপডেট: ২০১৯-১০-৩১ ২৩:৫৯:২৮
আব্দুল্লাহ মনির, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরায় সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামের বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে টেকনাফের ঝিমংখালী সীমান্তে নাফ নদ পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুল কালাম আরও এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। নুর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। গুলিবিদ্ধ আবুল কালাম একই এলাকার জেলে।
স্থানীয় জেলেরা জানান, ওই দুই জেলে প্রতিদিনের মতো একটি ছোট নৌকায় নাফ নদে মাছ শিকারে যান। হঠাৎ করে মিয়ানমার জলসীমানা থেকে এসে বিজিপির সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় একজন আহত অবস্থায় পালিয়ে আসতে পারলেও অন্যজন নিখোঁজ হন। পরে সকালে নাফ নদে নিখোঁজ জেলের লাশ পাওয়া যায়। নাফ নদে মাছ শিকারে যাওয়া জেলেরা প্রায়ই বিজিপির নির্যাতন শিকার হয় বলে অভিযোগ আছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মসিউর রহমান বলেন সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, বিজিপির গুলিতে আমাদের একজন জেলে নিহত ও অপর একজন আহত হয়েছে। বিষয়টা খুবই দুঃখজনক। এ ঘটনায় প্রতিবাদলিপি পাঠিয়ে ঘটনার কারণ জানতে চাওয়া হবে।