চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনে আ.লীগের ৪জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা : বিএনপি’র প্রার্থী নেই

প্রকাশ: ২০১৯-১২-০৩ ২২:৫৭:২৩ || আপডেট: ২০১৯-১২-০৩ ২২:৫৭:৩১

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন ফরম জমা দানের শেষ দিনে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের দুই নেতা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মরিয়মনগর ইউনিয়নেও আ’লীগের দুই নেতা ফরম জমা দেন। দুটি ইউনিয়নে বিএনপি’র কোনো প্রার্থী নেই । এই দুই ইউনিয়নে আ’লীগের চার প্রার্থী নিজেদের মধ্যে নির্বাচনী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল।


উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, মনোনয়ন ফরম জমা দানের শেষ দিনে মরিয়মনগর ইউনিয়ন থেকে মো. সেলিম ও মুজিবুল হক মনোনয়ন ফরম জমা দিয়েছেন। স্বনির্ভর রাঙ্গুনিয়ায় রহিম উদ্দিন চৌধুরী ও মো. নুর উল্লাহ ফরম জমা দেন।
দলীয় সূত্র জানায়, মো. সেলিম মরিয়মনগর ইউনিয়ন আ.লীগের সদস্য ও এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)। মুজিবুল হক ইউনিয়ন আ.লীগের সভাপতি ও আ’লীগের মনোনীত প্রার্থী।
রহিম উদ্দিন চৌধুরী উপজেলা আ.লীগের সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান ও মো. নুর উল্লাহ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও আ.লীগের মনোনীত প্রার্থী।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলী নূর বলেন, “ নির্বাচনের পরিবেশ না থাকায় এবার ইউপি নির্বাচনে বিএনপি যাচ্ছেনা। ”
এছাড়া ইউপি সদস্য পদে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ৪৮ জন ও সংরক্ষিত নারী আসনে ৮ জন মনোনয়ন ফরম জমা দেন। মরিয়মনগর ইউনিয়নে ইউপি সদস্য পদে ৬১ জন ও সংরক্ষিত নারী আসনে ৮ জন ফরম জমা দেন।

৫ ডিসেম্বর যাচাই-বাছাই, ১২ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মরিয়মনগরে ১৪ হাজার ৯৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৪৮ জন এবং নারী ভোটার ৭ হাজার ৩১৯ জন। অন্যদিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ১১ হাজার ১২ জন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬২৪ জন এবং নারী ভোটার ৫ হাজার ৩৮৮ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ৩০ ডিসেম্বর ইউনিয়ন দুটির নির্বাচনকে ঘিরে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে। দুই ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্রে ৭৪টি বুথ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *