admin
প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৮:৩৭:৩০ || আপডেট: ২০১৯-১২-১৫ ১৮:৩৭:৩৭
আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া:
কক্সবাজার শহরের ত্রাস শীর্ষ সন্ত্রাসী নুরুন্নবী প্রকাশ ভুদিঙ্গা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রবিবার ভোর রাতে শহরের কাটা পাহাড় এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, গত মধ্যরাতে কক্সবাজার সদর থানার এস আই মোঃ তৈমুর ইসলাম ও এসআই আবুল কালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো।
১৪ ডিসেম্বর দিবাগত রাত ০২.১৫ ঘটিকার সময় সদর থানাধীন কালুর দোকান টেকপাড়া রাস্তার মাথার সামনে রাস্তায় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ছোরা সহ শহরের ত্রাস ও পেশাদার ছিনতাইকারী মোঃ নুরনবী প্রকাশ ভুদিঙ্গা (৩৪)পিতা-মৃত আঃ করিম সাং-টেকনাফ পাড়া থানা-কক্সবাজার কে গ্রেফতার করে। ধৃত ছিনতাইকারীর ভুদিঙ্গার জবানবন্দীর ভিত্তিতে তার সহযোগীদের গ্রেফতারের জন্য কাটা পাহাড় এলাকায় অভিযানে যায়।
এই সময় সন্ত্রাসীরা ছিনতাইকারী কে ছিনাইয়া নেওয়ার জন্য সহযোগীরা পুলিশের উপর সশস্ত্র হামলা করে। এই সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশ হেফাজতে থাকা ছিনতাইকারী নুরনবী গুলিবিদ্ধ হয় ও ৪ জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলে একটা এলজি ২ রাউন্ড কার্তুজ ও ৩টি খোসা পাওয়া যায়। আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ ছিনতাইকারী কে সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ছিনতাইকারী কে মৃত ঘোষণা করেন ।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।