admin
প্রকাশ: ২০১৯-১২-১৬ ১৭:৩৬:৪৯ || আপডেট: ২০১৯-১২-১৬ ১৭:৩৬:৫৫
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে উপজেলা ক্যাম্পাসের শিশুমেলা মডেল স্কুল মাঠে সকালে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিকালে উপজেলা মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক “রক্তে কেনা স্বাধীনতা” পরিবেশিত হয়।
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. মাসুদুর রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বজন কুমার তালুকদার, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর ,আওয়ামী লীগ নেতা সাদেকুন নূর সিকদার, আসলাম খাঁন, ইদ্রিছ আজগর প্রমুখ।
অনুষ্ঠানে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা করা হয়। এছাড়াও রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।