admin
প্রকাশ: ২০২০-০১-০১ ২০:১৯:২৫ || আপডেট: ২০২০-০১-০১ ২০:১৯:৩২
নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
নতুন বছরের প্রথম দিন রাঙ্গুনিয়ার স্কুলে স্কুলে অনুষ্ঠিত হয়েছে নতুন বই বিতরণ উৎসব। গতকাল বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। নানা আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুলেই বিরাজ করে উৎসবের আমেজ।
সকাল ১০ টার দিকে উপজেলা সদরের শিশুমেলা মডেল স্কুলের মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মো. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা , শিশুমেলা মডেল স্কুলের সহকারী অধ্যক্ষ মো. রাসেল, শিক্ষক মো. হানিফ প্রমুখ।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় ২০২০ সালের শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ি-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে প্রায় ১০ লাখ নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে শুধু মাধ্যমিক স্তরেই ৭ লাখ এবং প্রাথমিক স্তরে ৩ লাখ বই বিতরণ করা হয়।