আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০১-৩১ ০০:২০:৪৬ || আপডেট: ২০২০-০১-৩১ ০০:২০:৪৯
আব্দুল্লাহ মনির, টেকনাফ :
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর দিয়ে এখনো আসছে পেঁয়াজ। গত দু’দিনে মিয়ানমার থেকে স্থল বন্দরে এসেছে ২৭০২ দশমিক ৯৫৭ মেট্রিক টন পেঁয়াজ।
এর আগের দিন এসেছে ১৩৮৯ দশমিক ৯৫৭ মেট্রিক টন পেঁয়াজ। তবে আগের তুলনায় আবার পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। দেশের চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পেয়াঁজ আমদানি করছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে পেয়াঁজ আমদানি করছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন। তিনি বলেন, মিয়ানমার থেকে দুই দিনে স্থল বন্দরে ২৭০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে মিয়ানমার থেকে আরও পেঁয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে। আমদানীকৃত পেয়াঁজ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।
শুল্ক বিভাগ জানায়, চলতি মাসে বৃহস্পতিবার পর্যন্ত মিয়ানমার থেকে ১৫ হাজার ৭৬৫ দশমিক ৮৪ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তার মধ্যে বৃহস্পতিবার ১০ ব্যবসায়ীর কাছে আসা ১৩১৩ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়। এর আগের দিন ১৩৮৯ দশমিক ৯৫৭ মেট্রিক টন পেঁয়াজ আসে।
এছাড়া গতবছরের ডিসেম্বরে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। নভেম্বরে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেপ্টেম্বরে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন এবং আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে এখনও পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। আমদানি পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করে দেশের বিভিন্ন জায়গায পাঠিয়ে দেওয়া হয়।