আব্দুল্লাহ আল শাকিব, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০২ ২২:৫৮:৩৮ || আপডেট: ২০২০-০২-০২ ২২:৫৮:৪৭
আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় শনিবার দিবাগত রাতে পৃথক এলাকায় দুটি বসতঘরে ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় ডাকাতের এলোপাতাড়ি মারধরে শিশু ও নারীসহ চারজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের আবদুল জব্বার সিকদার পাড়ার দুবাই প্রবাসী হুমায়ুন কবিরের বসতঘর ও রাত দেড়টার দিকে পাশর্^বর্তী পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাছিম আলী সিকদার পাড়ায় হাজি মনজুর আলমের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
৮-৯ জনের ডাকাত দল ১১ মাসের শিশু সন্তান ও পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ৪ লাখ টাকা ও ৬৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী সাদিয়া জামান জানান, ৮-৯ জনের সশস্ত্র ডাকাত দল বসত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে প্রথমে পরিবারের সবাইকে জিম্মি করে। আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ও ৫৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এসময় ডাকাত দল ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। শ^াশুড়ি খালেদা বেগমকে (৫০) বন্দুক দিয়ে পিঠিয়ে আহত করে ডাকাতেরা।
হাজি মনজুর আলম (৫৫) বলেন, আমার নাতনি ১১ মাস বয়সী শিশু সানজিদাকে গলার উপর পা রেখে অস্ত্র ঠেকিয়ে নগদ ২ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এসময় আমাকে ও আমার দুই ছেলে রেজাউল করিম (২৮) ও আবদুল হামিদকে (২৫) বন্দুকের বাট দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় সাহারবিল ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম জানায়, গত ৫০ বছরে এ ধরণের কোন ডাকাতি হয়নি। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছাড়া ঘরের দামি জিনিসপত্র ও ভাংচুর করে ডাকাত দল।
প্রবাসী হুমায়ুন কবিরের মা খালেদা বেগম বলেন, আমার তিন ছেলে প্রবাসে থাকে। ঘরে কোনো পুরুষ না থাকার সুযোগ নিয়ে ডাকাতদল হানা দেয়।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে সাহারবিল ইউনিয়নের এক প্রবাসীর বাড়ীতে ডাকাতি হচ্ছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে এসআই চম্পক বড়ুয়াকে পাঠানো হয়। ততক্ষনে ডাকাতদল ঘটনাস্থল ছেড়ে গেছে। সকালে আমি ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় মামলা হবে।
অপরদিকে হাজি মনজুর আলমের ডাকাতির বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ওই বাড়িও পরিদর্শন করেছি। একই ডাকাতদল কর্তৃক দুই বাড়িতে ডাকাতি সংঘঠিত হওয়ায় মামলা হবে একটি।