রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০২ ২০:৩৪:২৪ || আপডেট: ২০২০-০২-০২ ২০:৩৪:৩২
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১ ফেব্রুয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন।চোরের দল ইউনিয়ন পরিষদের ডেক্সটপ, ল্যাপটপ, সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
ইউপি সচিব খায়রুল আসলাম জানান, শনিবার সরকারী ছুটি থাকার কারনে পরিষদ বন্ধ ছিল।
রোববার সকালে একজন চৌকিদার পরিষদের গেইটের তালা খুলে ভেতরে প্রবেশ করলে দরজার তালা কাটা অবস্থায় দেখতে পেয়ে আমাকে জানালে বিষয়টি আমি চেয়ারম্যানকে অবগত করি।
ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিষদের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। এরপর আলমিরা ও ড্রয়ার ভেঙ্গে সরকার দেয়া একটি ডেক্সটপ, লেপটপ সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়। তিনি আরো বলেন, এ ঘটনায় ইউপি সচিব বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক এস আই আরিফুল ইসলাম অপু বলেন, খবর পেয়ে দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি ডেক্সটপ ও একটি ল্যাপটপ সহ আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছে। এই বিষয়ে কর্তৃপক্ষ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।